
শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। এ ঘটনায় রিপন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানাধীন ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে গ্রেপ্তারকৃত শ্রী রিপন (৩০), পিতা- মৃত গৌরবুল্লা, মাতা- শ্রীমতী ময়না-এর পূর্বদুয়ারী ঘরের উঠানে থাকা টিউবওয়েলের পশ্চিম পাশে মাটির তৈরি বড় হাঁড়ির মধ্যে রাখা ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত চোলাইমদ জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply