
শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি। নওগাঁর রাণীনগর উপজেলার ২ নম্বর কাশিমপুর ইউনিয়নের কুবরাতলী বাজারে চার্জার ভ্যানসহ ২৮ বোতল চোয়ানি বাংলা মদসহ মো. সোহাগ (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে কুবরাতলী বাজারে এ ঘটনা ঘটে। আটক সোহাগ নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি চার্জার ভ্যান ও বাজারের ব্যাগ নিয়ে সোহাগকে বাজারের বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি নিয়ে কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বাজারের লোকজন তাকে ধাওয়া করে আটক করেন। এরপর ব্যাগে তল্লাশি চালিয়ে ২৮ বোতল বাংলা মদ পাওয়া যায় বলে স্থানীয়রা জানান। আটকের পর জিজ্ঞাসাবাদে সোহাগ দাবি করেন, কুবরাতলী বাজারের মো. হারুন কসাই, পিতা মৃত আজিমুদ্দিন এবং মো. কাইয়ুম ছাগল ব্যবসায়ী, পিতা মৃত আইজুল—তারা নওগাঁ থেকে এসব মদ নিয়ে এসেছেন। এর আগেও তাদের সঙ্গে তিনি এ ধরনের ব্যবসা করেছেন বলেও দাবি করেন তিনি। তবে হারুন ও কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসব মদের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। খবর পেয়ে ২ নম্বর কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকলেসুর রহমান বাবু ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডলকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সামনে উদ্ধার করা বোতলগুলো গণনা করে সোহাগকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমান বাবু বলেন, “আমার এলাকায় কে মাদক বিক্রি করছে এবং কে মাদক সেবন করছে—এ বিষয়ে আমাকে তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। যেখানে মাদক বিক্রি ও সেবন হবে, দয়া করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন। আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টা জনগণের জন্য কাজ করে।”
Leave a Reply