
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাইমদসহ চারজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৫ নম্বর পাড়ইল ইউনিয়নের কাটাপুকুর গ্রামের একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিয়ামতপুর উপজেলার কাটাপুকুর গ্রামের মৃত রুপাই মুর্মুর ছেলে সুনীল মুর্মু (৪৫) ও মৃত মারাং মুর্মুর ছেলে শ্রী গোপাল মতি (৪০)। অপর দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার হলাসপুর গ্রামের মৃত অনিল মাহালীর ছেলে গৌরাঙ্গ মাহালী (৪২) এবং মৃত বিদেশী মাহালীর ছেলে শ্রী লিটন মাহালী (৩৫)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে চোলাইমদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশ এ ধরনের অপরাধ দমনে তৎপর রয়েছে।
Leave a Reply