
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে অসুস্থ ও অসহায় এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি হাবিবুর রহমানের অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে পরিবারের দুরবস্থার কথা জানতে পারেন এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন। জানা গেছে, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীর চিকিৎসা চালিয়ে আসছেন। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ইতোমধ্যে জায়গা-জমি ও বিভিন্ন সম্পদ বিক্রি করেছেন তিনি। এরপরও স্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর স্ত্রী কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এবং একাধিক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অসহায় পরিবারের অবস্থা দেখে আব্দুল হাই বলেন, শুধু মসজিদ-মাদরাসা নির্মাণ বা ধর্মীয় কাজে অর্থ ব্যয় করাই নয়, অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও অত্যন্ত সওয়াবের কাজ। সামর্থ্য অনুযায়ী মানুষের বিপদে পাশে দাঁড়াতে তিনি আগ্রহী এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।পরে তিনি হাবিবুর রহমানের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন এবং চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য তাদের সাহস ও সহযোগিতার আশ্বাস দেন।এ সময় উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক জিয়া, শ্যামকুড় ইউনিয়ন জামায়াতের আমির, বেলায়েত হোসেন, হামিদুর রহমান রানা, সমাজসেবক খোকন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এলাকাবাসী জানান, অসহায় মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে মানবিকতার দৃষ্টান্ত তৈরি করে এবং অন্যদেরও সহযোগিতায় উৎসাহিত করতে পারে।
Leave a Reply