
নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর ঐতিহ্যবাহী ‘প্রবাহ প্রি-ক্যাডেট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’-এ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ফুটবল টিম গঠন ও প্রাথমিক অনুশীলন পর্ব। ২০২৬ শিক্ষাবর্ষের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির খুদে শিক্ষার্থীদের নিয়ে দল গঠনের এই আয়োজনে বিদ্যালয়জুড়ে এখন বইছে উৎসবের আমেজ। সোমবার (৭ই সেপ্টেম্বর) বেলা ১১:৩০ মিনিটে হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (ঈদগাহ মাঠ) প্রথম দিনের এই বাছাই পর্ব ও বিশেষ অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হয়। মাঠে গড়ানো অল্প সময়ের খেলাই আনন্দ-উচ্ছ্বাসে ভরিয়ে তোলে পুরো প্রাঙ্গণ। খুদে খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স কেবল সহপাঠীদেরই মাতিয়ে তোলেনি, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মাঝেও ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি করেছে। প্রথম দিনের এই বিশেষ টেস্ট ম্যাচে মাঠে রেফারির দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন চন্দ্র দেবনাথ। শিক্ষার্থীদের সার্বিক শৃঙ্খলা ও দিকনির্দেশনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক ভবেনষু সরকার। দুপুর ১২টা পর্যন্ত চলা আধঘণ্টার এই সংক্ষিপ্ত ম্যাচটি সর্বমহলে দারুণ সাড়া ফেলেছে। বিদ্যালয়ের ক্রীড়া চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং খুদে ফুটবল প্রতিভাদের সঠিক রূপ দিতে এই টিম গঠন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ।
Leave a Reply