
শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি নওগাঁয় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অপরাধ নিয়ন্ত্রণ, ডিজিটাল নজরদারি জোরদার এবং সাইবার অপরাধ দমনের লক্ষ্যে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স এন্ড সাইবার ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য সুধী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিক। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বাড়ছে। ফলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে অপরাধ শনাক্তকরণ, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল নজরদারি এবং সাইবার অপরাধের তদন্ত আরও দ্রুত ও কার্যকর করা সম্ভব হবে। তারা আরও বলেন, ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স এন্ড সাইবার ল্যাব’ নওগাঁ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে অপরাধের ধরন বিশ্লেষণ, অপরাধীদের শনাক্তকরণ এবং বিভিন্ন ডিজিটাল তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে জেলা পুলিশের সক্ষমতা আরও বাড়বে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নওগাঁকে আরও নিরাপদ ও প্রযুক্তিনির্ভর জেলা হিসেবে গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply