
মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় নওগাঁ শহরের মুক্তির মোড় সংলগ্ন ড্যাফোডিল জুনিয়র হাইস্কুল প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. মঞ্জুর মোরশেদ টুটুল-এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ক্বারী মাওলানা মো. দেলোয়ার হোসাইন সাঈদ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মো. আব্দুস সালাম, রাজশাহী বিভাগীয় সচিব মো. ইয়াকুব আলী, সাংগঠনিক সচিব শেখ মো. আজহারুল ইসলাম এবং সাংগঠনিক সচিব মো. আব্দুল ওয়াহেদ। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ পিটিআইয়ের ইন্সট্রাক্টর মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণে নওগাঁ জেলার ১১টি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছাড়াও বগুড়া জেলার কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ অংশ নেন। কর্মশালায় শিক্ষকতার মানোন্নয়ন, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি এবং কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থার বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা শেষে নওগাঁ জেলার ১১টি উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষকদের সর্বসম্মত সমর্থনে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে আজকের অনুষ্ঠানের সভাপতি মো. মঞ্জুর মোরশেদ টুটুল-কে সভাপতি এবং অনুষ্ঠানের সঞ্চালক ক্বারী মাওলানা মো. দেলোয়ার হোসাইন সাঈদ-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত নেতৃত্ব আগামী দিনে জেলার কিন্ডারগার্টেন শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply