
মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ নওগাঁয় তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন এবং ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নতুন এই ভবনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তাঁর এই উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বাঁধভাঙা আনন্দ লক্ষ্য করা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), নওগাঁর নির্মাণে নির্মিত এই অত্যাধুনিক ভবনটি অত্র এলাকার শিক্ষাব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। বিদ্যালয়ের মূল ফটকে প্রধান অতিথি সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু ও অন্যান্য অতিথিদের গার্লস গাইড দলের চৌকস শিক্ষার্থীরা পুষ্পবৃষ্টির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে সম্মান জানান। এছাড়া মানপত্র পাঠের মাধ্যমে প্রধান অতিথির বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক অবদান এবং শিক্ষানুরাগী ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, “শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক ও বদ্ধপরিকর। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ের এই নতুন একাডেমিক ভবন এ অঞ্চলের ছাত্রীদের লেখাপড়ার পরিবেশকে আরও গতিশীল, আধুনিক ও উন্নত করবে।” বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক প্রদীপ কুমার সরকারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—নওগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সাজ্জু এবং তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জিয়াউর রহমান। বক্তারা বলেন, প্রধান অতিথি সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর সার্বিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টায় নওগাঁর শিক্ষাখাত আজ উন্নয়নের এক নতুন শিখরে পৌঁছেছে। উদ্বোধন ও আলোচনা সভা শেষে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন আধুনিক ভবন পেয়ে এবং প্রধান অতিথির সরাসরি সান্নিধ্য লাভ করে আনন্দিত শিক্ষার্থীরা জানায়, এই সুযোগ-সুবিধা তাদের পড়াশোনার আগ্রহ, উৎসাহ ও আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
Leave a Reply