
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে ঝিনাইদহের মহেশপুরে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রাজিব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলার কালুপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজিব হোসেন কালুপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজিব হোসেন মহেশপুর থানার একটি সিআর মামলায় (মামলা নং- ৪৭৩/২৬) দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জাহেদ মিয়ার নেতৃত্বে মহেশপুর থানা পুলিশের একটি টিম কালুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমন ও এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply