
শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির একটি দল নওগাঁ সদর থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পয়না বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’-এ কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে। সংবাদের ভিত্তিতে অভিযানিক দল পয়না বাজারে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করা হলে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। যার মোট মূল্য ৪৭ হাজার টাকা। অভিযানে তার দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। এছাড়া কম্পিউটারে জাল নোট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত তারিকুল ইসলাম মল্লিক পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply