
শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার মহাসংগ্রামে যুক্ত হলো আরও একটি অনন্য অধ্যায়। নওগাঁর দেশবরেণ্য বৃক্ষপ্রেমী, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল (তাল বেলাল)-এর ঐকান্তিক প্রচেষ্টায় ও সংস্থার সহায়তায় পঞ্চগড়ের দেবীগঞ্জের তরুণদের সামাজিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’-কে ২ হাজার ২০০টি তালবীজ এবং কয়েক শত শোভাবর্ধনকারী ফুলের চারা উপহার দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় নিজের কার্যক্রমের পরিধি নওগাঁ থেকে পঞ্চগড় পর্যন্ত বিস্তৃত করে মাহমুদুন নবী বেলাল এ উদ্যোগ গ্রহণ করেন। উত্তরবঙ্গের দুটি জেলার পরিবেশবান্ধব এই মেলবন্ধন দেবীগঞ্জের স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য, বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহাসড়কের প্রায় ৭৫ কিলোমিটার সড়কের দুই পাশে তালগাছসহ ব্যাপকভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া নওগাঁ শহরের ডিসি অফিস, এসপি অফিস, পাসপোর্ট অফিস, জেলখানা, এলজিইডি, সড়ক বিভাগ, আধুনিক জেনারেল হাসপাতাল, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চত্বর এবং সড়কের মাঝের ডিভাইডারে দৃষ্টিনন্দন ‘চার কালার চেরি ফুল’ গাছ রোপণ করেছেন। এবার তাঁর সেই সবুজ বিপ্লবের ছোঁয়া পৌঁছেছে পঞ্চগড়ের দেবীগঞ্জে। উপহার হিসেবে পাওয়া তালবীজ ও ফুলের চারা গ্রহণের সময় সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন বাদশা, বিশিষ্ট সমাজসেবক ফিরোজ হোসেন, ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’-এর সদস্য সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান নূর, আবু হাসান, মনিরুজ্জামান মানিকসহ আরও অনেকে। সংগঠনের নেতৃবৃন্দ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, মাহমুদুন নবী বেলালের দেওয়া তালবীজ ও ফুলের চারাগুলো পামুলী সরকারপাড়া থেকে ডাংগীরহাট পর্যন্ত সড়কের দুই পাশে যত্নসহকারে রোপণ করা হবে। আগামী বৃহস্পতিবার থেকে টানা সাত দিন এই রোপণ কর্মসূচি চলবে। পরিবেশ রক্ষায় তাল বেলালের এই উদ্যোগ দেবীগঞ্জের তরুণ সমাজকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, স্থানীয় প্রশাসন ও সুধীজনদের উপস্থিতিতে শিগগিরই সাত দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
Leave a Reply