
শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকা মূল্যের চোরাইমালসহ কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা থানাধীন ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে মো. হাবু হোসেনের ‘হাবু ফার্নিচার’-এর পেছনের টিনের চাল কেটে অজ্ঞাতনামা চোরের দল ফার্নিচার ঘরে প্রবেশ করে। এ সময় তারা একটি ইন্টারনেট ফাইবার ক্যাবল জয়েন মেশিনসহ কয়েক লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু হলে বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করা হয়। পরে তাঁর নির্দেশনায় চোরচক্রকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রাতভর অভিযান, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও স্থানীয় জনগণের সহযোগিতায় গগনপুর আদিবাসী পাড়ার ধীরেন্দ্রনাথের ছেলে সুমন চন্দ্র (৩৩) এবং গোপনপুর পূর্বপাড়ার মৃত আবু তালেবের ছেলে মো. মাহমুদুল হক (৫২)-কে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ও হেফাজত থেকে চুরি যাওয়া একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিন, একটি গ্যাসের চুলা, একটি নেট রাউটার, একটি সেটআপ বক্স, দুটি রাইস কুকার, দুটি লোড মেশিন এবং দুটি ডিভিসি রাউটার উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার হওয়া ফাইবার জয়েন মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply