
মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য র্যালি, অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল— “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আকতার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,এনজিও কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আখতারুজ্জামান সওদাগরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীদল অগ্নিনির্বাপন ও ভূমিকম্পের সময় করণীয় বিষয় নিয়ে এক জীবন্ত মহড়া প্রদর্শন করেন। এতে উপস্থিত শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতা করে।
Leave a Reply